‘তোমাদের মতো জিনিয়াসরাই উন্নত বাংলাদেশের কারিগর’

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেছেন, একটি জাতির মেরুদণ্ড হলো শিক্ষা, আর সেই শিক্ষার প্রাণ হলো মেধা। কিন্তু সঠিক পরিচর্যা ও স্বীকৃতি না পেলে অনেক সুপ্ত মেধাই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। ঠিক এই জায়গাতেই আলোর মশাল হাতে দাঁড়িয়েছে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন। তাদের মূল লক্ষ্য শুধু বৃত্তি প্রদান নয়; বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মেধা, মনন ও নৈতিকতায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। ফাউন্ডেশনটির দীর্ঘ পথচলা ও অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।

শনিবার (২০ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের এলজিইডি মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ তোমরা যারা পুরস্কৃত হয়েছ, তোমাদের কাঁধে একটি বিশাল দায়িত্ব রয়েছে। তোমাদের মতো জিনিয়াসরাই উন্নত বাংলাদেশের কারিগর। তোমাদের আরও বহুদূর এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, মেধার সঙ্গে যদি নম্রতা ও মননশীলতা যুক্ত না হয়, তবে তা পূর্ণতা পায় না।

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে এবং অসিত নন্দী ও বিলকিছ আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর, অপর্ণাচরণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব মো. বেলাল, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হক মো. আবুল হোসেন, জিনিয়াস ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য, জিনিয়াস উপদেষ্টা লায়ন আফসার হোসেন চৌধুরী, লায়ন অনুপ কুমার রায়, দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো চিফ হাসান মুকুল প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর বলেন, আজকের মেধাবী শিশুরাই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। তবে শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, মানুষকে ভালোবাসতে হবে। আগামী দিনের কর্ণধারদের মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন শিক্ষার্থীদের মেধা বিকাশে যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবি রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জিনিয়াস যুগ্ম সচিব সুশান্ত কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, সমন্বয়ক মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী, মিডিয়া সেক্রেটারি ইমরান বিন ইসলাম, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, দিদারুল ইসলাম, মুহাম্মদ নাছিম উদ্দিন, ইসতিয়াক রহমান খান, সানজিদা শাহরিন, তানজিম আহমেদ, সাঈদ মো. সাইমুন সাকিব প্রমুখ।

জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষায় সবোচ্চ নম্বর পেয়ে জিনিয়াস বাংলাদেশ নির্বাচিত হয়ে ল্যাপটপ জিতে নেয় সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী জয়ন্তী চৌধুরী।

এছাড়াও চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top