চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী ওরফে মাসুদ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. আইয়ুব আলী (৪৫)-কে গ্রেফতার করেছে র্যাব-৭।
রবিবার (২১ জুন) ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীকে হত্যার পর থেকেই আইয়ুব আলী দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামি মো. আইয়ুব আলী রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার দূরছড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় অবস্থান করছেন।
এরই ভিত্তিতে রবিবার (২১ জুন) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আইয়ুব আলী (৪৫) রাউজান উপজেলার কদলপুর এলাকার শমসের পাড়ার মৃত আব্দুল মোনাফের ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে পাঁচ অস্ত্রধারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ





