বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে চুরি, স্বর্ণালংকার-নগদ লুট

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী মিনা গাজী মাজার এলাকায় প্রবাসী জয়নাল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে পরিবারের সদস্যরা নগর থেকে বাড়িতে ফিরে এসে ঘরের ভেতরে এলোমেলো অবস্থায় দেখতে পান এবং চুরির বিষয়টি নিশ্চিত হন।

পরিবারের সদস্য প্রবাসী মোহাম্মদ সাহাব উদ্দিন মানিক জানান, জয়নাল মাস্টার গত সপ্তাহে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের হালিশহরের মেয়ের বাসায় বেড়াতে যান। এ সুযোগে দুর্বৃত্তরা সেমি-পাকা ঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে ফেলে।

তিনি আরও জানান, চোরের দল প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নগদ নিয়ে যায়। এ সময় ঘরের সব আসবাবপত্র এলোমেলো করে রাখা হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, বাড়ির মালিক বাইরে থাকার সুযোগে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top