বিশ্বকাপ জ্বরে কাঁপছে চট্টগ্রামের সাংবাদিক পাড়া, জমজমাট প্রীতি ম্যাচ

চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ উদ্বোধনের রাতে চট্টগ্রামে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। ল্যাটিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল–আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমে ৩-২ গোলে জয় পায় ব্রাজিল সমর্থক সাংবাদিকরা।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ম্যাচে অতিথি খেলোয়াড় হিসেবে সাংবাদিকদের সঙ্গে মাঠে নামেন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এবং এভারেস্টসহ পাঁচটি ৮-হাজারি পর্বত বিজয়ী ডা. বাবর আলী।

খেলার শুরুতে আর্জেন্টিনা দলের গোলাম মাওলা মুরাদের গোলে দল এগিয়ে যায়। এরপর ব্রাজিলের হৃদয় বড়ুয়ার গোলে সমতা ফেরে। পরে আবার আর্জেন্টিনা এগিয়ে যায়। এরপর ব্রাজিল গোল শোধ করে ২-২ সমতায় আনে। শেষ পর্যন্ত ব্রাজিল আরও একটি গোল করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

অনবদ্য নৈপুণ্যের জন্য ব্রাজিলের গোলরক্ষক এসপি মাসুদ আলম সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন। তিন গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান হৃদয় বড়ুয়া। সেরা খেলোয়াড় নির্বাচিত হন র‌্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ। তিনি সাংবাদিকদের ব্যস্ততার মাঝেও এমন প্রীতি ম্যাচ আয়োজনের প্রশংসা করেন এবং বলেন, খেলাধুলার মাধ্যমে সাংবাদিকরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন এবং ভ্রাতৃত্ববোধ আরও গভীর হয়।

র‌্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান ও পুলিশ সুপার মাসুদ আলম আরও বেশি প্রীতি ম্যাচ আয়োজনের আহ্বান জানান।

ব্রাজিল দলে খেলেন: এসপি মাসুদ আলম (গোলরক্ষক), মেজর তৌহিদুর রহমান, অনিক আখন্দ (কালের কণ্ঠ), রনি সাজ্জাদ (যমুনা টিভি), অনিক বিশ্বাস (সময় টিভি), শাহরুখ (সিভয়েস), হৃদয় বড়ুয়া (জনবানী), হাসান রিফাত (দৈনিক আজাদী), শাফিন আহমেদ রুদ্র (কালের কণ্ঠ) ও রায়হান।

আর্জেন্টিনা দলে খেলেন: লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, গোলাম মাওলা মুরাদ (বৈশাখী টিভি), ডা. বাবর আলী, সুমন গোস্বামী (এনটিভি), আতিক (সময় টিভি), সুজিত সাহা (বণিক বার্তা), ফরহাদ শিকদার ও জয় দে (সি প্লাস), ফারুক মুনির ও সাকিব (কালের কণ্ঠ), মামুনুর রশিদ অভি (স্টার নিউজ) ও মিনহাজ (কালবেলা)।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top