চাটগাঁ নিউজ ডেস্ক: মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। তবে তাৎক্ষণিকভাবে সেবা বিঘ্নিত হওয়ার কোনো কারণ জানা যায়নি।
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী অভিযোগ জমা দিয়েছেন। একই সঙ্গে আজ (শুক্রবার, ১২ জুন) বিকেল পর্যন্ত সাইটটি ফেসবুকে সক্রিয় সমস্যার উপস্থিতি শনাক্ত করেছে। ইউনিল্যাড প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইজডাউন ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের পরিষেবার ওপর নজর রাখছে এবং এ পর্যন্ত ১৩৭টি বিভ্রাটের ঘটনা শনাক্ত করেছে।
ব্যবহারকারীরা জানান, ওয়েবসাইট কিংবা স্মার্টফোন— কোনো মাধ্যম থেকেই ফেসবুকের মালিকানাধীন এই সেবাগুলোতে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। ফলে হঠাৎ করে সেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।
অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুকে লগইন করতে পারছেন না। কেউ কেউ অটো-লগআউট সমস্যার মুখেও পড়ছেন। যদিও ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।
চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ





