চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যার আগেই দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝড়ো বাতাস এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে বলেও পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
চাটগাঁ নিউজ/এসএ






