পাঁচলাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনুর রশিদ মামুন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত ‘ম্যাপ-শো’ নামের একটি জুতার কারখানায় কর্মরত ছিলেন।

মামুনের এক সহপাঠী ও রুমমেট জানান, সকালে কসমোপলিটন আবাসিক এলাকার একটি ব্যাচেলর বাসায় নিজের ব্যবহৃত ইলেকট্রিক মাল্টিপ্লাগের তার জোড়া লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top