চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে সরকার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা সম্প্রসারণ করছে। তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে স্টার্টআপ ব্যবসা, গ্রিন এনার্জি এবং রেইন হারভেস্টিং খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আগে তিনি উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজের শিক্ষার্থীদের স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
প্রদর্শনীতে অংশ নেওয়া ১৩টি স্টলের মধ্যে সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ এবং তৃতীয় স্থান লাভ করে পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চাটগাঁ নিউজ/এমকেএন





