জুলাই অভ্যুত্থানে জামেয়ার শিক্ষার্থীদের অবদান জাতি স্মরণ করবে: নাসীরুদ্দীন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজ শেষে তারা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা ও মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিতদের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ শাহ চিরকোটি (রহ.), জশনে জুলুসের প্রবর্তক হাফেজ কারী তৈয়ব শাহ (রহ.), হুজুর কেবলা তাহের শাহ ও সাবের শাহ হুজুরের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, উপমহাদেশে বিশেষ করে বাংলায় ইসলামের প্রচার ও প্রসারে পীর-মাশায়েখ, দরবেশ ও আউলিয়ায়ে কেরামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের আদর্শ ও আধ্যাত্মিক সাধনার ধারাবাহিকতায় এ অঞ্চলে ইসলামের আলো বিস্তার লাভ করেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জামেয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক শক্তি এই প্রতিষ্ঠান ও সুন্নীয়তকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে আনার চেষ্টা করেছে এবং এখনো এমন প্রবণতা লক্ষ্য করা যায়।

তিনি আশা প্রকাশ করেন, জামেয়া তার নিজস্ব ঐতিহ্য, আদর্শ ও স্বকীয়তা অক্ষুণ্ন রেখে একটি স্বাধীন দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে জাতিকে পথনির্দেশনা দেবে। সুন্নীয়তের আদর্শ ও আউলিয়ায়ে কেরামের উত্তরাধিকার ধারণ করে প্রতিষ্ঠানটি জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতার আলোকবর্তিকা হয়ে সমগ্র জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top