টানা বৃষ্টিতে নগর পরিদর্শনে চসিক মেয়র, জলাবদ্ধতা মোকাবিলায় নির্দেশনা

চাটগাঁ নিউজ ডেস্ক: টানা বৃষ্টির মধ্যেই চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, খাল ও জলাবদ্ধতাপ্রবণ স্থান পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

শুক্রবার (১২ জুন) নগরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন মেয়র। ভারী বর্ষণের কারণে কাতালগঞ্জ এলাকায় হাঁটুসমান পানি জমে গেলে যাত্রী ও পথচারীদের দুর্ভোগে পড়তে দেখা যায়।

পরিদর্শনকালে মেয়র বলেন, নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে কোথাও যাতে বৃষ্টির পানি দীর্ঘসময় জমে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চসিকের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং খাল, নালা-নর্দমার স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণ, প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং পানি চলাচলে কোনো বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ডা. শাহাদাত হোসেন জানান, দীর্ঘ সময় ধরে ভারী বর্ষণ হলেও নগরের অধিকাংশ এলাকায় দ্রুত পানি নেমে গেছে। ফলে বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি এবং মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটেনি।

তিনি বলেন, খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের কারণে নগরে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top