হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়টি শিশুই ঢাকা বিভাগের।

এ নিয়ে ৮৮ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬৩৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৪৭ শিশু এবং নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এ হিসাব গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৮ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬ শিশুই ঢাকা বিভাগের। এ ছাড়া সিলেট ও বরিশাল বিভাগের ১টি করে শিশু রয়েছে।

এই একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৯ শিশু। তাদের মধ্যে ৩১০টি শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৪০) ও বরিশাল (১১৯)। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৮৫৩ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।

গত ১৫ মার্চ দেশে প্রথম হামের রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮৮ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮২ হাজার ২৯ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন। মোট হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৯২৭ জনের। এ ছাড়া হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৬৩ হাজার ১৪৫ জন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top