চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক ব্যবসায়ীকে চোখ ধাঁধানো টর্চের আলো ফেলে আটকে মরিচের গুঁড়া ছুড়ে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৬)।
স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, গৌতম চৌধুরীর বোয়ালখালীর শাকপুরা চৌমুহনী বাজারে “লোকনাথ ক্লথ স্টোর” নামে একটি কাপড়ের দোকান রয়েছে। পাশাপাশি তিনি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবেও লেনদেন করেন।
প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুই যুবক হঠাৎ টর্চের আলো ফেলে তার পথরোধ করে। এরপর তারা তার মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারে এবং ভারী কিছু দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেন তিনি।
পরে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা নগদ প্রায় ৩০ হাজার টাকা এবং ১৮ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের পরিচিত পথেই এ ঘটনা ঘটায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






