চাটগাঁ নিউজ ডেস্ক: বিশিষ্ট চিকিৎসক ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ফাউন্ডার রেজিস্ট্রার প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (৫ জুন) দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. মাহমুদুল হক চৌধুরী ১৯৪০ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বড়মা ইউনিয়নের পূর্ব কেশুয়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল মাবুদ চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সুপারিন্টেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে গ্রাম সরকার প্রধান ছিলেন।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং দীর্ঘ চিকিৎসা জীবনে হৃদরোগ ও মেডিসিন চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশাপাশি ইউএসটিসির ফাউন্ডার রেজিস্ট্রার হিসেবে উচ্চশিক্ষা খাতেও ভূমিকা রাখেন।
মরহুমের প্রথম জানাজা আগামীকাল শনিবার (৬ জুন) বাদ যোহর নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তিনি চট্টগ্রাম ক্লাবের একজন প্রবীণ ও স্থায়ী সদস্য ছিলেন। প্রবীণ ও নবীন সদস্যসহ সর্বস্তরের মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও জনপ্রিয়। সদা হাস্যোজ্জ্বল ও অমায়িক এই মানুষটির মৃত্যুতে চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান ও জেনারেল কমিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এছাড়া তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





