এবার মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর’-এর ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যায়। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।

জানা গেছে, মিছিলটি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা গোলাম সামদানি জনির অনুসারীরা আয়োজন করেন। একই দিনে তার অনুসারীরা নগরের আউটার রিং রোড এলাকাতেও আরেকটি মিছিল করেছে তারা।

অন্যদিকে, ষোলশহর এলাকায় মুরাদপুরমুখী সড়কে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ এবং বিভিন্ন রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বাশারের অনুসারীরা।

সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আগ্রাবাদ এলাকায় একটি মিছিল হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top