ফের বান্দরবান সীমান্তে ৩ কোটি টাকা ইয়াবা জব্দ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ফের ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (৫জুন) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তবর্তী পোয়াবন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, অভিযানের এক পর্যায়ে জামছড়ি সীমান্ত পোয়াবন এলাকার পাহাড়ি জঙ্গলের মধ্যে সন্দেহজনকভাবে ফেলে রাখা দুইটি ব্যাগ দেখতে পায় টহলদল। পরে সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় খয়েরি রঙের ৯৯ হাজার ৭৮০ পিস এবং সবুজ রঙের ১ হাজার ৬১ পিসসহ মোট ১ লাখ ২ হাজার ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় ইয়াবার মালিক বা চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে মাদক চোরাকারবারিরা ইয়াবা পাচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ

Scroll to Top