চাটগাঁ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ করার নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস।
বাংলাদেশি ভিসাপ্রার্থীদের উদ্দেশে আজ শুক্রবার (৫ জুন) এই বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।
মার্কিন দূতাবাস বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য পর্যালোচনার মাধ্যমে আবেদনকারীদের পরিচয় ও যোগ্যতা যাচাই প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করা হবে। এ কারণে সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনকারীদের নতুন নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও বলেছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে এবং তথ্য যাচাই সহজ করতে আবেদনকারীদের আগেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রাইভেসি সেটিংস পর্যালোচনা করা উচিত।
চাটগাঁ নিউজ/জেএইচ





