মেয়ে হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি রামিসার বাবার

চাটগাঁ নিউজ ডেস্ক: রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা।

মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, তার আট বছর বয়সী মেয়েকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষী সাক্ষ্য প্রদান করবেন। তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং ঘটনার বিষয়ে অবগত স্থানীয় বাসিন্দারা।

সকালেই মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে সোমবার ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

গত ২৪ মে আদালত এ মামলায় দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন। তদন্ত শেষে পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান অভিযোগপত্র জমা দিলে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৭ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top