চাটগাঁ নিউজ ডেস্ক: সিলেটের জাফলং পর্যটন স্পটে পানির স্রোতে ভেসে গিয়ে চট্টগ্রামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলের সময় নিখোঁজ হলে সন্ধ্যা ৬টার সময় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম ইমতিয়াজ হোসেন রাহি (১৬)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে নিহতের চাচাতো ভাই মো. আরমান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রাহিসহ ১২ সদস্যের একটি পর্যটক দল রোববার (৩১ মার্চ) সকালে জাফলং ভ্রমণে যায়। বিকেলের দিকে দলের কয়েকজন সদস্য জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামলে এক পর্যায়ে রাহি স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করা হয়।
খবর পেয়ে স্থানীয় ডুবুরি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘক্ষণ অভিযান চালানোর পর সন্ধ্যা ৬টার দিকে জিরো পয়েন্ট এলাকা থেকে রাহির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।’
এদিকে জাফলংয়ে এমন দুর্ঘটনায় হাটহাজারীর আমান বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যাচ্ছেন রাহির বন্ধু ও আত্মীয় স্বজনরা। বাদে জোহর উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের যুগীর হাট এলাকায় তার জানাজা হওয়ার কথা রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





