সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ থাকবে সব মার্কেট ও দোকান

চাটগাঁ নিউজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পূর্বে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সময়সীমা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

নতুন নির্দেশনায় জানানো হয়েছে, ঈদ উপলক্ষে দেওয়া সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের সময়সূচিই পুনরায় কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে সব শপিং মল, মার্কেট ও দোকানকে অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই নিয়ম দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top