চাটগাঁ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে আরও ৩ জন শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৯ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৪৯৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হাম শনাক্ত হওয়ার পর মৃত্যুবরণ করেছে আরও ৯০ জন শিশু। সব মিলিয়ে এ সময়কালে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৭২ হাজার ৭০ জন শিশুর মধ্যে। এর মধ্যে ৫৭ হাজার ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ৫৩ হাজার ৭২২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৯৪ জন শিশুর শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চাটগাঁ নিউজ/এমকেএন





