ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে ৬ ঘণ্টার ব্যবধানে ফের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার পিতা-পুত্রের পর সড়কে প্রাণ গেল এক প্রবাসী যুবকের।
আজ সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম রবিউল হোসেন রবি (২৫)। যিনি প্রবাস থেকে ঈদের ছুটি কাটাতে বাংলাদেশে এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক।
নিহতের বন্ধু সাজ্জাত হোসেন জানান, তারা পাঁচটি মোটরসাইকেলে ১০ জন বন্ধু মিলে ঘুরতে বের হন। পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নয়া বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় রবির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে তার বন্ধু ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত রবিউল হোসেন রবি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে কর্মরত ছিলেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।
উল্লেখ্য, এর আগে আজ সোমবার সকাল ৯টার দিকে একই এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শাহাজাহান (৪৫) ও মোহাম্মদ আরিফ (২২) নামে ২ জনের মৃত্যু হয়। যারা সম্পর্কে ছিল পিতা-পুত্র। এ ঘটনার পর স্থানীয় জনতা ও সাধারণ পথচারীরা চরম ক্ষোভে ফেটে পড়েন। চালক ও হেলপার দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা বাসটি আটকে রেখে আগুন ধরিয়ে দেয়।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ





