চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
শনিবার (৩০ মে) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার (বিআইএ সাইগন লেগার) উদ্ধার করা হয়। একই সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৬ হাজার ২০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং বিয়ার পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা বিয়ার, জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





