জনগণের পাশে থাকাই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা: আমির খসরু

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

শনিবার (৩০ মে) দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আমির খসরু বলেন, বর্তমান অবস্থানটি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত। এই সার্কিট হাউসেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তবে তাঁকে হত্যা করলেও তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শনকে মুছে ফেলা যায়নি। তিনি একদলীয় শাসনের পরিবর্তে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তাঁর আদর্শ অনুসরণ করতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে, জনগণই দলের প্রধান শক্তি। তাদের স্বার্থ, চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যাদের জন্য রাজনীতি, সেই সাধারণ মানুষকে কখনোই ভুলে যাওয়া যাবে না। তাদের সুখ-দুঃখের সঙ্গে থাকতে হবে এবং রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন শহীদ জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং পরবর্তী সময়ে দেশ পরিচালনায় নেতৃত্ব জাতিকে অনুপ্রাণিত করেছিল। তিনি দেশের সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উন্নয়ন এবং পোশাক শিল্প বিকাশের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি আনা হয়েছিল।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিতরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও সভাপতি উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এমপি এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমপি মোহাম্মদ আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top