সাঁতার কাটতে গিয়ে কাপ্তাই হ্রদে নিখোঁজ এক কিশোর 

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে খাগড়াছড়ি থেকে বেড়াতে যাওয়া নব জ্যোতি চাকমা নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

আজ শনিবার (৩০ মে) দুপুরে সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের কাইন্দ্যারমুখ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ কিশোর খাগড়াছড়ির তেঁতুলতলা এলাকার প্রদীপ চৌধুরীর ছেলে।

বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, নব জ্যোতি চাকমা ও তার বন্ধু একটি বিয়েতে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছিল। কাইন্দ্যারমুখের জারুলছড়ি এলাকায় হ্রদে সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যায় সে।

তিনি আরও বলেন, আমি খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিসকে জানাই। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বলেন, খবর পাওয়ার পর আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। গতকাল বৃষ্টি হওয়ার কারণে হ্রদে স্রোত ও ঘোলা পানির কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top