বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর একটি পশুর হাটে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে তার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
নিজের ফেসবুক পোস্টে এই অভিনেতা লেখেন, সামান্য টাকা নিয়েও যদি আসি, সেটা যেন হালাল থাকে। আলহামদুলিল্লাহ, আমার এবং আমার ছেলের পরিবারের পক্ষ থেকে কোরবানি আল্লাহ আপনি কবুল করুন।
জানা গেছে, রাজধানীর একটি পশুর হাটে কোরবানির পশু কিনতে যান ওমর সানী। সেখানকার কিছু ছবি ও ভিডিও তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি বিশেষভাবে হালাল উপার্জনের বিষয়টিকেই গুরুত্ব দেন।
তার এই বার্তায় নেটিজেনদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকে মন্তব্য করে লিখেছেন, অল্প হলেও হালাল উপার্জনে বরকত আছে। আবার কেউ কেউ বলেছেন, হালাল রিজিকের গুরুত্বই সবচেয়ে বড় শিক্ষা।
বর্তমান সময়ে কোরবানিকে ঘিরে বাহ্যিক জাঁকজমক ও প্রতিযোগিতার বিষয়টি যখন বেশি আলোচিত, তখন ওমর সানীর এই বক্তব্য অনেকের কাছেই বাস্তবতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়েছে।
ইসলামি দৃষ্টিকোণ থেকেও হালাল উপার্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কোরবানি শুধু পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আত্মত্যাগ, তাকওয়া এবং বৈধ উপার্জনের বিষয়ও গভীরভাবে জড়িত। সেই বার্তাই যেন নিজের পোস্টের মাধ্যমে স্মরণ করিয়ে দিলেন এই অভিনেতা।
চাটগাঁ নিউজ/এমকেএন





