চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কাজীর দেউরীর মোড় থেকে লালখান বাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে ফুটপাত অবৈধভাবে দখল করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০টি অবৈধ দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরীর কোনো ফুটপাতে ভাসমান দোকান বা ফুড কার্ট বসানো যাবে না। ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আজকের অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), কোতোয়ালি থানা পুলিশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





