চাটগাঁ নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে আবারও পানি বেড়েছে তিস্তা নদীতে।
বুধবার (৫ আগস্ট) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
ডালিয়া পানি পরিমাপক কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সকাল ৬টাতেও একই উচ্চতায় পানি প্রবাহিত হয়।
পানি বৃদ্ধির প্রভাবে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। পাশাপাশি জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বুধবার সকাল ৬টা থেকেই তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতির উন্নতি হতে পারে এবং রাতের দিকে পানির স্তর কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।
এদিকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





