সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৮ জেলে উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৬টার দিকে ‘এফবি নিশান-২’ নামে একটি ফিশিং বোটে করে ১৮ জন জেলে মাছ শিকার শেষে উপকূলে ফিরছিলেন। ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি সাগরে ভাসতে থাকে এবং জেলেরা বিপদে পড়েন।

পরে দুপুর ১টার দিকে বোটে থাকা এক জেলে মোবাইল ফোনে মালিককে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে সহায়তা চান।

খবর পাওয়ার পর টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটসহ ১৮ জন জেলেকে নিরাপদে উদ্ধার করে।

উদ্ধারের পর কোস্ট গার্ড সদস্যরা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করেন। পরে ফিশিং বোটটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top