পাকিস্তান সিরিজ জয়ের পুরস্কার পেলেন মুশফিক-তাইজুলরা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই একাধিক টাইগার ক্রিকেটারের অবস্থানে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা।

সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চার ইনিংসে ২৫৯ রান করা ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৬তম স্থানে উঠেছেন।

একইভাবে উন্নতি হয়েছে লিটন দাসেরও। সিরিজে ২৩৯ রান করা এই ডানহাতি ব্যাটার ১৪ ধাপ এগিয়ে এখন ২৪তম স্থানে অবস্থান করছেন।

বোলিং র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ উন্নতি করে উঠে গেছেন ১১ নম্বরে। একই সঙ্গে তিনি পেয়েছেন ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট।

অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি হয়েছে তাইজুলের। তিনি তিন ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে আছেন।

মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠেছেন। তরুণ পেসার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেললেও পাকিস্তানের পেসার খুররম শাহজাদও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। চলতি বছরের শুরু থেকে প্রথম টেস্ট খেলা এই বোলার এখন বোলারদের তালিকায় ৪৯তম স্থানে আছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top