ঈদের ছুটিতে সচল থাকবে চট্টগ্রাম বন্দর, গঠন তিন টাস্কফোর্স

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতেও দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নানা উদ্যোগ নিয়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি শুল্কায়ন কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম কাস্টম হাউসও ১০টি বিশেষ টিম গঠন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে প্রায় ৮ হাজার ৭০০ টিইইউস কনটেইনার ওঠানামা করলেও দৈনিক খালাস বা ডেলিভারি হয় প্রায় সাড়ে ৪ হাজার টিইইউস। তবে ঈদের ছুটিতে কনটেইনার ওঠানামা স্বাভাবিক থাকলেও পণ্য খালাস ও ডেলিভারির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায়।

বিশেষ করে তৈরি পোশাক শিল্পে টানা ছুটির কারণে কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খালাস কমে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অতীত অভিজ্ঞতার আলোকে আমদানিকারক ও রপ্তানিকারকরা আগেভাগেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন।

বেসরকারি অফডক অ্যাসোসিয়েশন বিকডার তথ্যমতে, ঈদের আগে শিপমেন্টের চাপ বেড়ে গেছে। দীর্ঘ ছুটির কারণে ঈদের পরের কার্যক্রমও আগাম শেষ করতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ফলে বন্দরে বর্তমানে কনটেইনার ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের গঠিত তিনটি টাস্কফোর্সের মধ্যে একটি বহির্নোঙরে বাল্ক পণ্য খালাস ও লাইটারিং কার্যক্রম তদারকি করবে। অন্যটি জেটিতে কনটেইনার ওঠানামা ও ইয়ার্ড ব্যবস্থাপনা সচল রাখবে। এছাড়া বন্দরের জলসীমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে আরেকটি বিশেষ টিম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ বলেন, ঈদের সময় পণ্য খালাস, জেটি ও ইয়ার্ড ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে দুটি টাস্কফোর্স কাজ করবে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে থাকবে পৃথক আরেকটি টাস্কফোর্স।

এদিকে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটির মধ্যেও প্রয়োজনীয় সব পয়েন্টে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন, যাতে সেবা নিতে এসে কাউকে ফিরে যেতে না হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top