পেকুয়ায় বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে রকিবা জান্নাত (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকিবা জান্নাত ওই এলাকার মো. ছাদেকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন রকিবা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের আঘাতে তার শরীরের কাপড়ও পুড়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজানটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এমজারুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে রকিবা জান্নাতের মৃত্যু হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top