উখিয়ায় ৩৫ লাখ টাকার ড্রেন উদ্বোধনের আগেই ধসে পড়ল

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলা সদর বাজারে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ড্রেন উদ্বোধনের আগেই ধসে পড়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কক্সবাজারের অর্থায়নে নির্মিত ২৪০ ফুট দীর্ঘ এই ড্রেনটি সম্প্রতি মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতেই হেলে পড়ে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রড ছাড়া ঢালাই ও দেয়াল নির্মাণের কারণে ড্রেনটি ধসে পড়েছে বলে তারা দাবি করেন। নির্মাণকাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ, যার মালিক শাহাব উদ্দিন চৌধুরী।

এদিকে পুরো নির্মাণকাজ তদারকির দায়িত্বে ছিল সড়ক ও জনপথ অধিদপ্তর, কক্সবাজার। তবে স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি সত্ত্বেও কীভাবে এমন অনিয়ম ও দুর্নীতি চোখ এড়িয়ে গেল।

উখিয়া বাজারের ব্যবসায়ী সালাহ উদ্দিন আকাশ বলেন, কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। সামান্য বৃষ্টিতেই ড্রেনের দেয়াল হেলে পড়েছে। এতে জনগণের টাকার অপচয় হয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

অন্য ব্যবসায়ী আব্দু সালাম বলেন, সরকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু কিছু অসাধু ঠিকাদার ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে নিম্নমানের কাজ হচ্ছে। উদ্বোধনের আগেই ড্রেন ধসে পড়া অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাব উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর কক্সবাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তফা মুন্সী বলেন, কাজ এখনো চলমান রয়েছে, শেষ হয়নি। বৃষ্টির পানির চাপে মাটির চাপ পড়ে ড্রেনের সামান্য অংশ হেলে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিজ খরচে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top