কর্ণফুলীতে ৫০ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, দুই গাড়ি জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার মো. আব্দুল আলীম (৩৭), ঢাকার কেরানীগঞ্জের মো. মিজানুর রহমান মিরাজ (৪০) এবং ঢাকার হাজারীবাগ এলাকার মো. ইলিয়াছ (৩৭)।

ডিবি উত্তর বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রাং জানান, রবিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কলেজ বাজার এলাকার ভাই ভাই মার্কেটের পাশে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এরপর কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে চালক আব্দুল আলীমকে আটক করা হয়।

তল্লাশির সময় গাড়ির পেছনের লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলোতে মোট ৫০ হাজার পিস ইয়াবা ছিল, যার আনুমানিক ওজন প্রায় পাঁচ কেজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলীম জানান, চালানটির পেছনে আরও একটি প্রাইভেটকার ছিল, যেখানে মূল মাদককারবারিরা অবস্থান করছিল। পরে একই এলাকায় অভিযান চালিয়ে বিকেল পৌনে ৩টার দিকে দ্বিতীয় প্রাইভেটকার থেকে মিজানুর রহমান মিরাজ ও ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top