ইপিজেডে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ মামলার পলাতক আসামি ও কথিত ছিনতাইকারী নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নুরুল ইসলাম বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, রবিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার নুরুল ইসলামের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ইপিজেড থানায়ও একটি মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top