হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাচ্ছেন হাজিরা

মক্কা প্রতিনিধি, সৌদি আরব: পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় সোমবার (৮ জিলহজ) ভোর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

হজের গুরুত্বপূর্ণ ধাপ ‘ইয়াওমুত তারবিয়া’ পালনের অংশ হিসেবে হাজিরা তালবিয়া পাঠ ও আল্লাহর মহিমা ঘোষণা করতে করতে তাঁবুর নগরী হিসেবে পরিচিত মিনায় পৌঁছাচ্ছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেই তারা এই যাত্রা সম্পন্ন করছেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মিনায় হাজিদের গ্রহণে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাজিদের যাতায়াত, তাঁবুতে অবস্থান, খাবার, আবাসন ও অন্যান্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে এসেছেন। তাদের সঙ্গে দেশটির অভ্যন্তরীণ আরও কয়েক লাখ মুসল্লি হজে অংশ নেবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নির্ধারিত ক্যাম্পে পৌঁছে দেওয়া, তাঁবুতে সহজ প্রবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে বিশেষ ব্যবস্থাপনা চালু করা হয়েছে। পাশাপাশি মিনাসহ পবিত্র স্থানগুলোতে সেবার মান বজায় রাখতে মাঠপর্যায়ে নজরদারিও জোরদার করা হয়েছে।

এ ছাড়া জিলকদ মাসের শুরু থেকে বিভিন্ন সেবাকেন্দ্র, হাজিদের আবাসন, তাঁবু ও আতিথেয়তা কেন্দ্র পরিদর্শনে ৮৩ হাজারের বেশি তদারকি কার্যক্রম পরিচালনা করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মাধ্যমে সেবার মান নিশ্চিত করা ও যেকোনো সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/আজিজ/এমকেএন

Scroll to Top