রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার ওমান প্রবাসী চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙ্গুনিয়ার আরেক প্রবাসী।
রবিবার (২৪ মে) বিকেল ৫টার দিকে দেশটির আবহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ জাহেদ রহমান বাকের (৩১)।
তিনি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ডঙের মুখ এলাকার শফি সওদাগর বাড়ির জাহাঙ্গীর আলমের বড় ছেলে। তার দাদার নাম আবদুল হামিদ।
নিহতের মামা মো. ইব্রাহিম জানান, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রায় ৮-৯ বছর আগে ফ্রি ভিসায় সৌদি আরবে পাড়ি জমান জাহেদ। সেখানে তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার বাবাও দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে জাহেদ ছিলেন সবার বড়।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। রবিবার বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে আবহা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহেদের আকস্মিক মৃত্যুর খবর গ্রামের বাড়ি শিলকের ডঙের মুখ এলাকায় পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম বড় সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা-মা। নির্বাক হয়ে পড়েছেন তার স্ত্রী। চার বছরের শিশুসন্তানটি এখনো বুঝতে পারছে না, তার বাবা আর কখনো ফিরে আসবেন না। প্রিয় সন্তান ও স্বামীকে হারিয়ে পুরো পরিবারে চলছে শোকের মাতম।
নিহত জাহেদের মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





