বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গ, ঝুঁকিপূর্ণ যাত্রায় বাড়ছে মৃত্যু
যাত্রী কল্যাণ সমিতি

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বাস মালিক সমিতি। এর ফলে সড়কে মৃত্যুর মিছিল শুরু হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জরুরি ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করে দরিদ্র, শ্রমজীবী ও কর্মজীবী মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার দাবি জানিয়েছে।

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ করেন।

তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি দিলেও দেশের বিভিন্ন জেলা ও ইউনিট পর্যায়ে সেই নির্দেশনা মানা হচ্ছে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অতিরিক্ত ভাড়া পরিশোধে অক্ষম হওয়ায় অনেক শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পণ্যবাহী যান ও ট্রেনের ছাদে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। চট্টগ্রাম থেকে রডবোঝাই ট্রাকে করে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপ্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও অন্তত ১০ জন গুরুতর আহত হন। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

সংগঠনটি দাবি করে, প্রতি বছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার কারণে নিম্নআয়ের মানুষ ঝুঁকিপূর্ণভাবে যাতায়াতে বাধ্য হন। অথচ তাদের শ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। বছরে দুটি ঈদে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

যাত্রী কল্যাণ সমিতি অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাস ও ট্রেনের ছাদে কিংবা খোলা ট্রাকে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। এছাড়া ফিটনেসবিহীন যানবাহনে যাতায়াত না করারও আহ্বান জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top