চিটাগাং চেম্বারের শীর্ষ নেতৃত্বে আমিরুল-আমজাদ-স্বপন

চাটগাঁ নিউজ ডেস্ক: শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের পর নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিরুল হক। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি হয়েছেন মশিউল আলম স্বপন।

সোমবার (২৫ মে) দুপুরে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত প্রেসিডিয়াম নির্বাচনে আনুষ্ঠানিকভাবে এই নেতৃত্ব নির্ধারণ করা হয়।

জানা যায়, ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে মতামতের ভিত্তিতে চেম্বারের সাবেক সভাপতি ও প্যানেলের প্রধান উপদেষ্টা আমির হুমায়ুন চৌধুরী শীর্ষ তিন পদের নাম চূড়ান্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিরুল হক দেশের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একই ক্যাটাগরি থেকেই তাকে সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত আমজাদ হোসাইন চৌধুরী রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই। অর্ডিনারি ক্যাটাগরি থেকে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে।

অন্যদিকে সহ-সভাপতি নির্বাচিত মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে তাকে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর গত ২৩ মে চিটাগাং চেম্বার পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top