আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে ঈদ উপহার দিলো র‍্যাব

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে আত্মসমর্পণ করা ১২৭ জন সাবেক জলদস্যুর মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৭।

রোববার (২৪ মে) সকালে নগরের পতেঙ্গার এলিট হলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ আয়োজনে উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

র‌্যাব-৭ জানায়, দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় এলাকার মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়ার আত্মসমর্পণ করা জলদস্যুদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁদের বর্তমান জীবনযাপন, পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশেষ অভিযান ও নিবিড় তদারকির মাধ্যমে ২০১৮ ও ২০২০ সালে ৭৭ জন এবং ২০২৪ সালে আরও ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করেন। পরে তাদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে র‌্যাব।

অনুষ্ঠানে র‍্যাব কর্মকর্তারা বলেন, উপকূলীয় এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে আত্মসমর্পণ কর্মসূচি কার্যকর ভূমিকা রেখেছে। আত্মসমর্পণের পর সাবেক জলদস্যুরা যেন পুনরায় অপরাধে জড়িয়ে না পড়েন, সে জন্য তাদের নিয়মিত তদারকি ও সহায়তা দেওয়া হচ্ছে। তারা ভবিষ্যতের ও বৈধ উপায়ে জীবিকা নির্বাহের আগ্রহের কথারও জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top