চাটগাঁ নিউজ ডেস্ক: এবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ৫৫ বছর বয়সী এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চট্টগ্রামে গত ৩ দিনে ৫টি শিশু যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ মে) রাতে চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি টেকবাজার এলাকার ইব্রাহিম কলোনিতে অভিযান চালিয়ে আশফাকুর রহমান নামের ওই দোকানিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালাতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার নিয়মিত ওই দোকান থেকে কেনাকাটা করত। বাসার পাশেই দোকান হওয়ায় শিশুটি প্রায়ই সেখানে খেলতে যেত। অভিযোগ রয়েছে, গত ১৫ মে রাতে শিশুটিকে একা পেয়ে দোকানের ভেতরে নিয়ে যৌন নির্যাতন করা হয়।
এজাহারে বলা হয়েছে, ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তবে শিশুটির ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবার প্রথমে ঘটনাটি গোপন রাখে। শুক্রবার বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের আশ্বাসে শিশুর মা চান্দগাঁও থানায় মামলা করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর হোসেন মামুন বলেন, শিশুটির পরিবারের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





