ঈদে মহাসড়কে ৭ দিন ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। উৎসবের এই ব্যস্ত সময়ে যানজট কমানো ও দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

আজ শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগের তিন দিন ও ঈদের পরের তিন দিনসহ মোট সাত দিন অর্থাৎ ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি চলাচল বন্ধ থাকবে।

তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি ও খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।

যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭, ০১৫৫০৭২২০৬৫ ও ০১৫৫০৭২২০৬৬-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top