বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজ কাকারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি পরিবারসহ বোয়ালখালীর পূর্ব কালুরঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ঢালাই মেশিন গুছিয়ে রাখার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন আনোয়ার হোসেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিলা তাবাসসুম জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় আনোয়ার হোসেনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top