ওমানে নিহত রাঙ্গুনিয়ার ৪ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে, বুধবার সকালে জানাজা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: ওমানে গাড়ির ভেতর এসি থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে মর্মান্তিক মৃত্যুর শিকার রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে মরদেহগুলো গ্রহণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এ সময় তিনি লাশবাহী গাড়ির কফিনের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে সাংসদ হুমাম কাদের চৌধুরী ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিহত চার রেমিট্যান্স যোদ্ধা হলেন- শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম।

সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে, গাড়ির ত্রুটিপূর্ণ এয়ারকন্ডিশনিং (এসি) সিস্টেম থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণেই চার ভাইয়ের মৃত্যু হয়েছে। সাধারণত বিদেশ থেকে মরদেহ দেশে আনা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হলেও, মাত্র চার দিনের মাথায় সব আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এ বিষয়ে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আজিমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে হুমাম কাদের চৌধুরী বলেন, ওনার সাথে আমাদের প্রতিদিন যোগাযোগ ছিল। ওনাদের আন্তরিক প্রচেষ্টায় এত দ্রুত ভাইদের মরদেহ আমরা স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।

দ্রুত সহযোগিতার জন্য তিনি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানান।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের প্রতি পরিবারকে দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যেন নির্বিঘ্নে মরদেহগুলো রাঙ্গুনিয়াতে নিয়ে যাওয়া যায়।

পরিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজাপাড়া এলাকায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের মাঠে তাদের চার ভাইয়ের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই তাদের জন্য বন্দেরাজাপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে পাশাপাশি চারটি কবর খনন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এসএ

Scroll to Top