আগামী ২৮ মে বাংলাদেশে কোরবানির ঈদ

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ২৮ মে বৃহস্পতিবার।

আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) তাতে সভাপতিত্ব করেন।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৮ মে সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

সকলের জন্য দোয়া চেয়ে মন্ত্রী বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে, তামাম দুনিয়ার মুসলমানকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তামাম দুনিয়ার মুসলমান ভাই-বোনদেরকে হেদায়েত নসিব করুক, সহীহ বুঝ দান করুক; বিশেষ করে তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ পাক সহীহ বুঝ দান করুক।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের একুশ জেলা থেকে চাঁদ দেখার সংবাদ জেলা প্রশাসনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন জানতে পেরেছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালেক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

কোরবানির ঈদ উপলক্ষে এবার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সৌদি আরবে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৭ মে সেদেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন ২৬ মে হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top