পোস্টমর্টেমে চাঞ্চল্যকর তথ্য, এসির গ্যাসেই মৃত্যু রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের

চাটগাঁ নিউজ ডেস্ক: ওমানে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পোস্টমর্টেম রিপোর্টে। গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাস গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ার পর তা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতদের খালাতো বোনের জামাই মো. সাগর জানান, পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে—গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাস পুরো গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে। পরে সেই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় চার ভাইয়ের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার সময় তারা গাড়ির ভেতরে অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা মনে হলেও, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

নিহত চার ভাই হলেন—মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের সন্তান। পরিবারে তাদের বৃদ্ধা মা এবং বড় দুই ভাইয়ের স্ত্রী-সন্তান রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত। আগামীকাল শুক্রবার তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরাকে কেন্দ্র করে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রশিদ আহমদ জানান, চার ভাইয়ের মধ্যে দুজনের শুক্রবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু এখন চার ভাই-ই ফিরছেন লাশ হয়ে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বুধবার ওমানের স্থানীয় সময় দুপুরে মেলাদ্দা নামক স্থানে নিজেদের গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ

Scroll to Top