চট্টগ্রামে রডবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে আবদুল মান্নান (৬১) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি কসমোপলিটন আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রিয়াদ জানান, বিকেলের দিকে রডবোঝাই ট্রাকটি আবাসিক এলাকার ভেতরের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে ট্রাকটি রাস্তার পাশের একটি ইলেকট্রনিকসের দোকানে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা রড চারদিকে ছিটকে পড়ে এবং আবদুল মান্নান ট্রাকের নিচে চাপা পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার কনস্টেবল মীর মোশাররফ হোসেন বলেন, মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top