নালা দখল করে সেনাবাহিনীর বাণিজ্যিক ভবন নির্মাণ, হতবাক মেয়র!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা দূর করতে যেখানে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে সেখানে খোদ নালা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে।

নগরীর গুরুত্বপূর্ণ ওয়াসার মোড়ের একটু আগে ব্যস্ততম এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিত্যক্ত একটি স্থানে এটি নির্মিত হচ্ছে। যেটি সিডিএর অনুমোদনে নয়, বরং সেনাবাহিনীর উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ক্যান্টনমেন্ট বোর্ডের অনুমোদনে নির্মিত হচ্ছে বাণিজ্যিক এই ভবন।

জানতে চাইলে ভবনটি নির্মাণে জড়িত ঠিকাদার মো. জাহেদুল আলম রবিন বলেন, যেহেতু এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জায়গা তাই এখানে স্থাপনা নির্মাণে সিডিএর অনুমোদন লাগে না। আমরা সেনাবাহিনী সংশ্লিষ্ট বোর্ড থেকে অনুমতি নিয়ে ভবনটি নির্মাণ করছি কোনো ধরণের আইনের ব্যত্যয় না ঘটিয়ে।

সেনাবাহিনী অনুমোদিত নির্মাণাধীন বাণিজ্যিক ভবন

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সরজমিনে গিয়ে দেখেন ভবন নির্মাণে জড়িতরা নালা ভরাট করে এই কাজ করছে। চট্টগ্রাম শহরের নাভির মধ্যে এই ভয়াবহ দৃশ্য দেখে মেয়র ও ম্যাজিস্ট্রেট হতবাক!

কিন্তু এই কথা কেউ মুখে উচ্চারণ করতে পারছেন না। কারণ এ সাইনবোর্ডে লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনীর অনুমোদিত!

অন্যদিকে নগরীর সচেতন মহল চান, জায়গাটিতে স্থাপনা নির্মাণ না করে তৈরী করা হোক আধুনিক বাস স্টপেজ কিংবা ছোট ছোট পথশিশুদের জন্য একটি খেলার জায়গা অথবা বয়স্কদের জন্য হাঁটাচলা ও উন্মুক্ত ব্যায়ামাগারের ব্যবস্থা করা হোক। যেটি সেনাবাহিনীর কাছে অসম্ভব কিছু নয় বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……………….

চাটগাঁ নিউজ/টিপু/জেএইচ

Scroll to Top