চাটগাঁ নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৯ মে) দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহ-সভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়াত উল্লাহ (আরটিভি), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)।
নবগঠিত কমিটির নেতারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের শক্তিশালী মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনি জটিলতা এবং রেমিট্যান্সযোদ্ধাদের সাফল্যের গল্প দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ সংগঠনের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা এবং প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রেসক্লাব আগামীতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই সবসময় পাশে থাকবে। সংবাদকর্মীরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায় ও স্বার্থ সুরক্ষায় অতীতের মতোই আপসহীন ভূমিকা পালন করবেন।
সভায় প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে প্রবাসী বাংলাদেশি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






