ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়িতে একটি পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঘমারা পুকুরের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাজিরহাট হাইওয়ে পুলিশ ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় খাগড়াছড়ি থেকে আসা একটি পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা বিবিরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় পিকআপ ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, পুলিশের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে একটি পিকআপ সিগন্যাল পেয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। তবে অনেকেই ভুলভাবে ধারণা করছেন, পুলিশের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন






