আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (১১ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার চক সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের আব্দুল নবী মেম্বারের ছেলে হাফেজ মো. মিজানুর রহমান (৩২)। নিহত গৃহবধূ হালিমা আক্তার একই উপজেলার রায়পুর ইউনিয়নের কাঞ্চন মুন্সিবাড়ির মোহাম্মদ ইসহাকের মেয়ে। তাদের সংসারে মিশকাতুল জান্নাত নামে দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, রবিবার (১০ মে) ভোরে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ হালিমা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী মিজানুর রহমান ফোন করে তার শ্বশুরবাড়ির লোকজনকে জানান, তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে একটি কক্ষে টিনের চালের খুঁটির সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। পরিবারের দাবি, হালিমার পা মাটির সঙ্গে লেগে ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাই এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তাদের সন্দেহ।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে আনোয়ারা থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, আনোয়ারা থানার দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নগরের চকবাজার এলাকায় অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি মিজানকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন






